শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে আয়োজন করা হচ্ছে 'জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬'। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে 'লার্নিং উইথ হ্যাপিনেস' ধারণার আলোকে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ প্রাথমিক পর্যায়ে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ের বাছাই শেষে জেলা পর্যায়ে মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি দলে থাকবে তিনজন করে বিতার্কিক।
প্রতিযোগিতার সময়সূচি ও ভেন্যু
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭, ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলবে ১ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। জেলা পর্যায়ের নির্ধারিত ভেন্যুগুলো হলো, ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল ও প্রিমিয়ার আইডিয়াল স্কুল।
পুরস্কার ও স্বীকৃতি
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে শিক্ষা উপকরণভিত্তিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ। এছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্য আকর্ষণীয় উপহার থাকছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, গঠনমূলক বিতর্কচর্চা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটানোর পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’







