দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও সীমিত অবকাঠামোর মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার পর এবার বদলাতে যাচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের চিত্র। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে দ্বিতল আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। ইতোমধ্যে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে নতুন ভবন নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, দরপত্র প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নির্মাণকাজ। এতে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট কাটিয়ে ইউনিয়নবাসীর নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (পর্যায়-৩)’-এর আওতায় রাজগাতী ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই রাজগাতী ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক ও স্থায়ী কমপ্লেক্স ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সেবা গ্রহণে নানা সীমাবদ্ধতা ছিল। নতুন ভবন নির্মাণ হলে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাম কিবরিয়া বলেন, রাজগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।
স্থানীয়দের ভাষ্য, একটি ইউনিয়ন পরিষদ ভবন শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জায়গা নয়; এটি প্রত্যন্ত এলাকার মানুষের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়ন, সামাজিক নিরাপত্তাসহ নানা সরকারি সেবা পাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক কমপ্লেক্স ভবনটি নির্মিত হলে এর সুফল সরাসরি সাধারণ মানুষ পাবেন।
এদিকে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের দাবি, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মাণের পাশাপাশি পরিষদের সেবাগুলোও আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করা প্রয়োজন।
এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন ভূইয়া বলেন, “নান্দাইলের সার্বিক উন্নয়নে আমাদের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যে অগ্রণী ভূমিকা রাখছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হলে ইউনিয়নের নাগরিক সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ দ্রুত ও সহজে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকল্পটি শুধু একটি নতুন ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা। দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করা গেলে রাজগাতী ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমবে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে।
তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রায় ৪ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে নির্মাণের মান, ব্যয়ের স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে। তাহলেই দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া নতুন এই অবকাঠামো প্রকৃত অর্থে রাজগাতী ইউনিয়নবাসীর কাজে আসবে।








