ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে বেলা ২টা ২২ মিনিটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে ময়মনসিংহে এটি তাঁর প্রথম সফর। এ সময় প্রধানমন্ত্রী খাল খনন কাজের শুভ উদ্বোধন করে বৃক্ষরোপন করেন।
আজ (শনিবার) দুপুর ২টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচিতে পৌঁছলে দলীয় নেতারা তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, জামালপুরের এমপি শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের এমপি জাকির হোসেন বাবলু, গফরগাঁওয়ে এমপি আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন প্রমূখ।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতসহ ময়মনসিংহ জেলা ও ত্রিশাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে কর্মসূচিস্থলে পৌঁছেই কোদাল হাতে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে পুলিশ, র্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর।
এরপর বিকাল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।





