ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের তেঁতুলিয়া পাড়ার পঙ্গুত্ববরণকারী যুবক নাজমুল হোসেনের জীবনে ফিরে এসেছে স্বাভাবিকভাবে হাঁটার আনন্দ। দীর্ঘদিন ধরে দুই পা হারিয়ে শারীরিক ও মানসিকভাবে অমানবিক জীবনযাপন করা নাজমুলের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি নাজমুলকে উন্নত প্রযুক্তির দুটি কৃত্রিম পা উপহার দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠাল ইউনিয়নের তেঁতুলিয়া পাড়ার বাসিন্দা নাজমুল হোসেন দীর্ঘদিন যাবত পঙ্গুত্বের অভিশাপ নিয়ে অত্যন্ত কষ্টকর জীবন অতিবাহিত করছিলেন। দুই পা অচল থাকায় তাঁর স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। তাঁর পক্ষ থেকে নাজমুলকে আধুনিক ও উন্নত প্রযুক্তির দুটি কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়।
দীর্ঘদিন পর কৃত্রিম পায়ের সাহায্যে আবারও স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন। নতুন পা পেয়ে তিনি এখন স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, নাজমুলের এই দুর্বিষহ জীবনে কৃত্রিম পা সংযোজন যেন একটি নতুন আলোর দিশা। এর ফলে সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং তার পরিবারে কিছুটা হলেও শান্তি ও স্বস্তি ফিরে আসবে। পঙ্গুত্ববরণকারী এক যুবকের পাশে দাঁড়ানোয় এবং তার মুখে হাসি ফোটানোয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।


-400x300.jpg&w=3840&q=75)

