ময়মনসিংহের তারাকান্দায় দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছেন চালক।
নিহত দুই বোন পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ফাতেমা আক্তার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই মেয়ে তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ বলেন, কাভার্ডভ্যানটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।







