ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন। জন্মাষ্টমীর শোভাযাত্রায় পিতা বসুদেবের মাথায় শিশু কৃষ্ণ, শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, অত্যাচারি রাজা কংসসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান, জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক লিটন, সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, উদযাপন পরিষদের সদস্য সচিব শংকর সাহাসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসহ শ্রীশ্রী কৃষ্ণপূজার আয়োজন করা হয়।







