শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রতিবেশীর টয়লেট থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান। নিহত সাত বছর বয়সী সানজিদা ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ২২ ঘণ্টা এদিন বিকালে পাশের বাড়ির টয়লেট থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এলাকাবাসী জানিয়েছেন, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। স্থানীয়দের দাবি, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
ওসি আশরাফুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




