শেরপুরে বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ সরকারি চালসহ এক অসাধু গোডাউন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি বস্তা থেকে চাল বের করে সাধারণ বস্তায় ভরার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২টার দিকে পৌর শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে এই অভিযান চালানো হয়। গ্রেফতার বোরহান উদ্দিন শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় গোডাউন থেকে ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। এ ছাড়া চলতি বছরের জুন মাসের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য গুদামের সিল দেয়া বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান পরিচালনা করি। এ সময় সরকারি ৩০ কেজির বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় স্থানান্তরের সময় হাতেনাতে গোডাউন মালিককে গ্রেফতার করা হয়। পরে গোডাউনে থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাল এবং ২০২৪ থেকে ২০২৬ সালের বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘মধ্যরাতে সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চাপাতলী এলাকায় এই গোডাউনে অভিযান পরিচালনা করি। এখানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চালসহ গোডাউন মালিক বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু চালের পরিমাণ বেশি, তাই এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’





