তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং একটি স্বাধীন গণমাধ্যমে দৃড়ভাবে বিশ্বাস করে।
তিনি বলেন, ‘অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনটিভি’র ভূমিকা প্রশংসনীয় ছিল এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে আমি আশা করি।’
আজ শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’- স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে যাত্রা শুরু করা এনটিভি আজ তার বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শুধু দেশে নয়, বরং দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঝেও চ্যানেলটি গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে। আমরা আশা করব এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করেছে, সংবাদ পরিবেশন করেছে, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবে।
তিনি আশা প্রকাশ করেন, এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছে, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও দেশের গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, এনটিভি পরিবারের যারা কলাকুশলী, ম্যানেজমেন্ট আছেন, সবাই প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে আনার জন্য কঠোর পরিশ্রম করেছেন, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ এনটিভি পরিবারের সদস্যরা।






