সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক ভূমি কমিশনের দাবিতে আজ রবিবার টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের গারো ও কোচদের এক গণ সমাবেশ ভুটিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এ গণসমাবেশের আয়োজন করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ ১৮টি সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করেন প্রবীন গারো নেতা অজয় এ মৃ।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা জজ জগদীস চন্দ্র বর্মন, আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কর্ণধার ইউজিন নকরেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দল এর সভাপতি মৃগেন হাগিদক, গারো নেতা এডভোকেট জনযাত্রা, কারিদাস আঞ্চলিক পরিচালক রোজি রংমা প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে থিউফিল নকরেক বলেন, `চার দশক ধরে সমতলের আদিবাসীরা উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বদলে আদিবাসী পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে আসছেন। কিন্তু কোন সরকারই তাদের দাবী মানছেন না। সমতলের গারো কোচ, হাজং এবং চট্রগ্রামের চাকমাসহ দেশের ৪৫টি জাতিগোষ্ঠির প্রায় ৩০ লক্ষ মানুষ তাদের প্রথাগত ভূমি অধিকার এবং ভাষা, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে পারছেনা।'
বক্তারা আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়সহ ৮ দফা দাবি না মানলে তারা রাজপথে নামার হুমকি দেন। পরে দাবির স্বপক্ষে তারা র্যালী এবং ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


%252009.08.2026.jpg&w=3840&q=75)




