ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান জামালপুর সফর করেছেন। গতকাল বুধবার (১২ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শনে গেলে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে জামালপুর পুলিশ লাইন্সে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। এসময় জামালপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরে জামালপুর জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের অংশগ্রহণে রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভায় ডিআইজি উপস্থিত অফিসার-ফোর্সদের সকল সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

রেঞ্জ ডিআইজি একটি সুন্দর, সবুজ ভবিষ্যত গড়ার প্রত্যয়ে পুলিশ লাইন্সে একটি এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন। তিনি কল্যাণ সভা শেষে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আকস্মিক পরিদর্শন করেন। এসময় ট্রেনিং সেন্টারে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক (নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের চলমান ‘সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ সংক্রান্ত কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং এ সংক্রান্ত একটি সেশন পরিচালনা করেন।

এরপর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনের সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান সরেজমিনে পুলিশ অফিসে ক্রাইম শাখা, হিসাব শাখাসহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় জেলা পুলিশ, জামালপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপারেরে কার্যালয়ে ডিআইজি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় ডিআইজি শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।





%252009.08.2026-400x300.jpg&w=3840&q=75)

