ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনুমোদিত ‘নগর ভবন’ এর প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা| গতকাল শনিবার পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, স্থান নির্বাচন ও কারিগরি দিক নিয়ে আলোচনা হয়|
পরিদর্শন দলের নেতৃত্ব দেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান, অতিরিক্ত সচিব কবির আহামদ| তাঁর সঙ্গে ছিলেন একই বিভাগের যুগ্ম প্রধান যুগ্ম সচিব মো. হায়দার আলী|
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশল বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

প্রতিনিধিদল নগর ভবনের জন্য নির্ধারিত স্থানের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির প্রকৃতি ও নাগরিক সেবা প্রদানের সুবিধা-অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন| প্রকল্পের নকশা, ব্যয় প্রাক্কলন ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়|
অতিরিক্ত সচিব কবির আহামদ বলেন, “ময়মনসিংহ বিভাগীয় শহরের নাগরিক সেবা আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নগর ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প| পরিকল্পনা কমিশন প্রকল্পটির বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে| তবে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্ন কাজ শেষ করতে হবে|”
যুগ্ম প্রধান মো. হায়দার আলী স্থান নির্বাচনের যৌক্তিকতা এবং নগরবাসীর সেবা প্রাপ্তির সহজলভ্যতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন| তিনি ভবনের নকশায় পরিবেশবান্ধব উপাদান ও জলবায়ু সহনশীল প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন|

সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, অনুমোদিত নগর ভবন নির্মিত হলে ময়মনসিংহবাসীর সকল নাগরিক সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে| এতে সেবার মান বৃদ্ধির পাশাপাশি দুর্ভোগ কমবে| তিনি প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন|
সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, নগর ভবনের স্থাপত্য নকশা চূড়ান্ত পর্যায়ে রয়েছে| পরিকল্পনা কমিশনের অনুমোদন ও অর্থ ছাড়ের পর দ্রুত দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করা হবে|
নগর ভবনের প্রস্তাবিত স্থানের আশপাশের বাসিন্দারা জানান, আধুনিক নগর ভবন হলে এলাকার সৌন্দর্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে| একই সাথে কর, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা নিতে আর ভোগান্তি পোহাতে হবে না|
পরিদর্শন শেষে পরিকল্পনা কমিশনের প্রতিনিধিদল প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সুপারিশ দ্রুত প্রেরণের আশ্বাস দেন|





-400x300.jpg&w=3840&q=75)