ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্রের ওপারে পরিকল্পিত একটি সুন্দর নগরী গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে পরিকল্পিত নগরায়ন করার জন্য প্ল্যান করা হয়েছে বলেও জানান তিনি।
দুপুরে নগরীর গণপূর্ত ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরআগে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৯ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। এরমধ্যে দুইজন সদস্য ভার্চুয়াল অংশ গ্রহণ করেন।
সভায় আজ বুধবার থেকে বিসি কমিটির কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিসি কমিটি নকশা অনুমোদন করবে। এখন থেকে বিসি কমিটির তত্ত্বাবধানে নির্মাণ কাজের তদারকি করা হবে। ইতোপূর্বে যেসব ভবন অনুমোদন পেয়েছে সেই ভবনগুলো বিধি মোতাবেক কাজ না করলে জরিমানা অথবা সংশোধন করা হবে। বহুতল ভবনের পার্কিং বাধ্যতামুলক করা হবে।
তিনি আরও বলেন, অতীতে যারা সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন তারা অতিরিক্ত যানবাহনের লাইসেন্স দিয়ে যানজট সৃষ্টি করেছেন। বর্তমান সিটি প্রশাসক যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে যেতে কাজ করবো। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন করার জন্য একটা প্ল্যান করা হচ্ছে। নদীর ওপারে সিটি করপোরেশনের পরিকল্পিত শহর গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের খাল পুনঃ খনন করা হলে সামান্য বৃষ্টিতে আর জলাবদ্ধতা হবে না। ভবন নির্মাণের প্ল্যান অনুমোদনের জন্য কয়েকটি আবেদন পাওয়া গেছে। এসব আবেদন মাঠ পর্যায়ে যাচাইয়ের পর অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ বিসি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।







