নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্প ইয়ার্ড নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, সুস্থ জীবন নিশ্চিত করি। ময়লা ফেলব নির্দিষ্ট স্থানে, সুন্দর কেন্দুয়া গড়ব প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে কেন্দুয়া পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম হিলালী পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেন্দুয়া গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে ডাম্প ইয়ার্ড নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, অপসারিত ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিল্লাল, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি রুকন উদ্দীন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডালিম প্রমুখ।
বক্তারা কেন্দুয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিকল্পিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ এবং স্থায়ী ডাম্প ইয়ার্ড নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে সভায় মুক্ত আলোচনা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব.ম. মোকতাদির বিল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







