প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই নতুন বাংলাদেশ গড়ার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, সেই বাংলাদেশে তরুণরাই নিজের যোগ্যতায় সুযোগ তৈরি করবে, সেই বাংলাদেশে রাষ্ট্র হবে জনগণের সেবক, আর রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের কল্যাণ।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজির ভিটা ইউনিয়নের বুরাঘাট চৌরাস্তায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি কোটি যুবকের কর্মসংস্থানের যে অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নই এখন আমাদের সরকারের প্রধান রাজনৈতিক দায়িত্ব। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সেই অঙ্গীকার বাস্তবায়নে দেশে ও বিদেশে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যুবকদের উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ এবং নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য অর্থনৈতিক প্রণোদনা, নতুন কল কারখানা স্থাপন, বন্ধ কর কারখানা চালু, দেশ ও বিদেশে কর্মসংস্থান,কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত বিকাশ, কৃষিভিত্তিক শিল্প প্রবৃদ্ধি, এবং আমদানি বিকল্প পণ্য তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নারী উদ্যোক্তা, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা,পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
তরুণ সমাজকে তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তিনি তরুণদের ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করছেন। তার লক্ষ্য প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি নয়, কর্মসংস্থান, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানের আয়োজক ক্লাবের সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে অনুষ্ঠিত ফ্রেন্ডস জোন ক্লাব আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে বোয়ালমারা গ্রাম বনাম মন্ডল বাজার গ্রামের মধ্যে ফাইনাল খেলায় মন্ডল বাজার গ্রাম চ্যাম্পিয়ন হয়। এ সময় খেলা শেষে এমরান সালেহ প্রিন্স চ্যাম্পিয়ন, রানার্স আপ টিমসহ অন্যান্যের মধ্যে পুরস্কার বিতরণ করেন।








