বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপি ও তাঁর অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।

ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপির নেতৃত্বে হাজারো নেতাকমীয়র বিশাল র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে তিনি ১৯ দফা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা দিয়ে দেশকে সমৃদ্ধশালী করার পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের নেতকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন তা এগিয়ে নেয়া বিএনপি নেতাকর্মীদের প্রধান লক্ষ্য। দেশে গ্যাস, বিদ্যুতের সংকট আছে, অচিরেই তা কেটে যাবে। এ নিয়ে কেউ অপপ্রচার ও গুজব ছড়াতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

র্যালীতে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, শিব্বির আহমেদ বুলু, এ কে এম মাহবুবুর রহমান, শামীম আজাদ, রতন আকন্দ, যুবদল নেতা মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবকদলের ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য তানভীরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের আহবায়ক গোবিন্দ রায়সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









