প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুর নাগাদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালের কানহর এলাকায় জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে শতশত মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। ইতোমধ্যেই জনতার ঢল নেমেছে।
প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ এবং সম্প্রচার করতে সকাল থেকে ঢাকা ও ময়মনসিংহের শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ঘটনাস্থলে হাজির হয়েছেন। ইতোমধ্যে প্রতি ঘন্টার খবরে লাইভ সম্প্রচার করছে বিভিন্ন টেলিভিশন। উদ্বোধনী অনুষ্ঠানের চারদিকে স্থানীয় উৎসুক জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশে কানহরের ধরার খালটি ৪৭ বছর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। আজকে সেই খালটি পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন।





