ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার ৮ টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে বদলে যাচ্ছে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী 'পাগলা' নাম পরিবর্তন করে 'আদর্শনগর' করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
তাদের অভিযোগ, কারো মতামত ও কোনো গণশুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসনও। সেটি স্বীকারও করেছেন ইউএনও। শত বছরের ঐতিহ্যবাহী 'পাগলা' নাম ও উপজেলা সদরের স্থান পাগলা থানা এলাকাতেই বহাল রাখার দাবি তাদের।
পীর-আউলিয়া, পাগল-সাধকদের আগমনের কারণে একসময় জনপদের পরিচিতি হয় ‘পাগলা’ নামে। সেই পরিচিতি থেকেই গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের আট ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম।
পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক-ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। আট ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত হওয়া মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল—জয়ী হতে পারলে পাগলা থানাকে উপজেলা করা হবে। নিজের প্রতিশ্রুতি রাখতে তিনি কাজও শুরু করেন।
তবে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও, পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত ‘পাগলা’ নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে ‘আদর্শনগর’। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকার পাশের উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায়। এ বিষয়ে গত ৩০ মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য।
তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি।
এলাকার বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। উপজেলার দক্ষিণ অংশের আটটি ইউনিয়ন—দত্তের বাজার, উস্থি, পাঁচবাগ, মশাখালী, লংগাইর, পাইথল, নিগুয়ারী ও টাঙ্গাব নিয়ে ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় গফরগাঁও উপজেলা প্রশাসন সম্ভাব্যবতা যাচাই করে চলতি বছরের ২৯ এপ্রিল একটি প্রস্তাব পাঠায়। সেটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার দপ্তর হয়ে স্থানীয় সরকার বিভাগে যায়। এর আগে গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তনের জন্য আধা সরকারি পত্র (ডিও) দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।
ওই আধা সরকারি পত্রে বলা হয়, গত ১ মার্চ গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘পাগলা’ নামের উপজেলা গঠনসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ তারিখের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তন করে ‘আদর্শনগর’ উপজেলা নামকরণের জন্য পুনঃপেশ করা প্রয়োজন। প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তে আদর্শনগর করার কথা উল্লেখ করা হয় ওই চিঠিতে।





