সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা কৃষকদের হয়রানি বরদাশত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “সার নিয়ে কেউ ঝামেলা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নীতিমালার ভেতরে থেকেই আসল কৃষকের কাছে সার বিক্রি করতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ডিলারদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা জানি ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই দলীয় প্রভাবে সার ডিলার হয়েছেন। তাঁরা যেনতেনভাবে ব্যবসা পরিচালনা করেছেন। বর্তমান সময়ে তাঁদের অনেকেই এখনো বহাল আছেন।” তিনি বলেন, “আমি মন্ত্রিপরিষদ সভায় স্পষ্ট বলেছি, কাউকে অযথা বাদ দেওয়ার দরকার নেই। সঠিকভাবে নিয়মনীতির মধ্যে থেকে দায়িত্ব পালন করলে তাঁদের ব্যবসা চালিয়ে যেতে কোনো সমস্যা নাই। তবে এরপরও যদি কেউ অযথা দুষ্টুমি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তবে সরকার কঠোর হতে বাধ্য হবে। বর্তমান সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং সারা দেশে চাহিদার তুলনায় সারের কোনো কমতি নেই।”
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা এবং জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বাবুল।
এছাড়াও সভায় নান্দাইল উপজেলার ২৪ জন সার ডিলার ও ইউনিয়ন পর্যায়ের খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিমন্ত্রী উপস্থিত সার ডিলার ও কৃষকদের নানা সমস্যার কথা শোনেন এবং মাঠ পর্যায়ে সার বিতরণ ব্যবস্থা স্বচ্ছ ও গতিশীল রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেন।







