জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শনিবার বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বর্ষায় নজরুল’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরসবুজ সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উপলক্ষ। বর্ষার সৌন্দর্য, প্রকৃতির প্রাণচাঞ্চল্য, প্রেম, মানবতা এবং বিদ্রোহের যে অপূর্ব সম্মিলন নজরুল তাঁর গান ও কবিতায় তুলে ধরেছেন, তা যুগে যুগে মানুষের হৃদয়কে আলোড়িত করে এসেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “নজরুল আমাদের জাতীয় জীবনের প্রেরণার চিরন্তন উৎস। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা যত বিস্তৃত হবে, ততই তারা মানবিকতা, দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধে সমৃদ্ধ হবে। ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে জেলা প্রশাসন সবসময় সংস্কৃতিমনস্ক উদ্যোগের পাশে থাকবে।”

পরে ময়মনসিংহের বিশিষ্ট ও নবীন শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান, কবিতা ও আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বর্ষার আবহে নজরুলের সৃষ্টির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেন।




-400x300.jpg&w=3840&q=75)

