অপসংস্কৃতি মাড়িয়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।
ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই গানের আসর।
‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ মূলমন্ত্রে উজ্জ্বীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এই আয়োজনের উদ্যোক্তা।
মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আসরটির দুটি পর্ব এর মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। এরপর ১৪ অগাস্ট অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এই পর্বে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা। এই আসরটি এর মধ্যেই সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান তিনি।
বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন জানিয়ে ইমতিয়াজ আহমেদ বলেন, আয়োজনে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন।
আগত দর্শক-শ্রোতারাও এই সহজিয়া লোকজ পরিবেশনা প্রাণভরে উপভোগ করছেন এবং আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। দোতারা, একতারা ও বেহালার সুরে সুর মিলিয়ে খালি গলায় গান গেয়ে বাউলরা এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেন।
এ আয়োজনে ১১ সেপ্টেম্বর ‘করিম পর্ব’ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠনের পক্ষ হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রতিধ্বনিত হবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো।







