নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে প্রথমে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযানকালে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও একটি ষাঁড় জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশের একটি মাঠে ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার একটি টহল দল ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পিকআপে ষাঁড়টি নিয়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের আটকে দেয়।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা সদরের আব্দুল বারেক (৩৭), কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫), পূর্বধলার রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), বেলাল হোসেন (৪৫), রাব্বী মিয়া (২৫), এনামুল হক (৩০), সুজন মাহমুদ (৩৫), আল আমিন (৪০), আবুল কালাম (৪০) , ময়মনসিংহের গৌরিপুরের কামাল মিয়া (৫০) ও হারেজ মিয়া (৫০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে জুয়ার নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পালানোর কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ষাঁড়টি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে এই লড়াই ও জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’




