ময়মনসিংহের নান্দাইলে সড়কে ফেলে রাখা খড়ের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে| এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মামা| রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানারামপুর-মধুপুর সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত শুভ (১৪) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে এবং সাইমা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র| আহত পরশ (১৬) এসএসসি পরীক্ষার্থী|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মোটরসাইকেল কিনতে রোববার দুপুরে মামা-ভাগ্নে মিলে ময়মনসিংহের ভালুকায় যায়| সেখানে ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনার পর সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেয় তারা| রাতে নান্দাইলের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে সড়কে রাখা খড়ের স্তূপের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়| এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়| স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন| এদিকে আহত পরশকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে|
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে|
স্থানীয়দের অভিযোগ, সড়কে অবাধে খড়সহ বিভিন্ন কৃষিপণ্য ফেলে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে| এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা|





