ময়মনসিংহের “নান্দাইলে কোনো জরাজীর্ণ কুঁড়েঘর থাকবে না, কেউ গৃহহীন থাকবে না” নিজের দেওয়া এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সরকারের গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় প্রতিমন্ত্রীর বিশেষ তদারকিতে অসহায় গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’র চাবি হস্তান্তরের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানাগেছে, ‘স্বপ্নবাড়ি’ কোন সরকার নির্ধারিত কোন প্রকল্প নয়, তবে তথ্য প্রতিমন্ত্রী গৃহহীনদের কথা চিন্তা করে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নে ‘স্বপ্নবাড়ি’ নামে একটি সৃজনশীল প্রকল্প তৈরী করেন। ইতিমধ্যে তিনি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলের মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে পাঁচটি পরিবারের ঘর উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে ৩৬টি আধাপাকা ঘরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এছাড়া আরও ৯৮টি ঘর নির্মাণাধীন রয়েছে যা দ্রুতই হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দলীয় নেতাকর্মীসহ নান্দাইলবাসী তথ্য প্রতিমন্ত্রীর এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান।

উপকারভোগী সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, "সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটাতে হতো। আজ মন্ত্রী মহোদয় নিজ হাতে আমাকে আমার স্বপ্নের ঠিকানার চাবি দিয়েছেন। এখন আর কষ্ট নেই।" সৈয়দগাঁও গ্রামের বিধবা হামিদা খাতুন তথ্য প্রতিমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে বলেন, "মন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। দোয়া করি তিনি যেন আজীবন সুস্থ থেকে এভাবে মানুষের সেবা করতে পারেন।"

উদ্বোধনকালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলের মানুষের কাছে আমার অঙ্গীকার ছিল এলাকায় কোনো জরাজীর্ণ ঘর থাকবে না। আর মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা আমার একটি লালিত স্বপ্নও ছিল। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গৃহহীন ও অসহায় পরিবারকে স্বপ্নবাড়ি প্রকল্পের আওতায় আনা হবে।”
এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলার বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







