ময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ৩১টি পূজা মণ্ডপে ৬২ বান্ডিল ঢেউটিন ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার করে দেড় লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নির্দেশে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়।
বুধবার নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১টি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। ঢেউটিনের পাশাপাশি দুর্গাপূজা উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢেউটিন ও অনুদান বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদানের বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় সন্তোষ প্রকাশ করে জানান, প্রতিমন্ত্রীর এই উদ্যোগে মণ্ডপগুলোর প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিতে অনেক বড় সহায়তা হবে। ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রাখতে প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।








