ময়মনসিংহে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী—বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার চার বছর বয়সী শিশু সন্তান রুহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





