ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা : প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিলের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।
সভায় ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর বাস্তবায়ন প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব সাইফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মুল প্রবন্ধে বলা হয়, ভুমি সংক্রান্ত সেবামূলক ডিজিটাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই ভুমিসেবা মেলার আয়োজন করা হয়। মেলায় ভুমি মালিকরা দ্রুত ও সহজেই সেবার সুযোগ পেয়েছেন। ই-নামজারি চালু করার মধ্য দিয়ে টাউট বাটপারদের দৌরাত্ম কমে গেছে। অনলাইন সেবায় ঘুষ বন্ধ হয়েছে। আগামী দিনে এমন সেবা চালু করা হবে যাতে শুধু হও বললেই হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে জমির রেকর্ড হালনাগাদ হচ্ছে। এভাবে অনলাইন সেবায় নাগরিকদের ভোগান্তি দূর হয়েছে। এতে নাগরিকদের মাঝে স্বস্তি ফিরেছে। ভুমি অফিসে ফাঁকি দেয়ার প্রবণতা কমেছে। ভুমির ধরন পরিবর্তন ও দাপ্তরিক দুর্নীতিও বন্ধ হয়ে গেছে। ফলে নাগরিক ও দপ্তরের মোবাইলে যোগসূত্র হয়েছে।





