ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে নিহত তিন জনের পরিবারকে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাসিম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত সহকারী শিক্ষক রেজাউল করিম, গ্রাম পুলিশ ইব্রাহিম ও জুনিয়র ইন্সট্রাক্টর রোকনুজ্জামানের পরিবারকে আর্থিক সহায়তার ২২ লাখ টাকার চেক তুলে দেন।

এরআগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নির্বাচন অফিসে আগত সেবাগ্রহীতার সাথে কথা বলেন এবং সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বিভাগীয় কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক ভালো হয়েছে। নির্বাচন সুন্দর ভাবে আয়োজন করতে পেরেছি। কে নির্বাচিত হলো এটা আমাদের বিষয় ছিল না। আমরা প্রতিটি নির্বাচন শান্তিপূর্ণ হোক এ-ই চেষ্টা করি। ভবিষ্যতেও করবো। তিনি বলেন, জনগণ আগে ভোট দিতে পারেননি এবার ভোট দিতে পেরেছেন। জনগণের সরকার কায়েম হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভালো নির্বাচন করতে চাই। এজন্য জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কেউ টাকার লোভে অথবা প্ররোচনায় খারাপ লোক নির্বাচিত করবেন না।

জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় ধন্যবাদ জানান।






