ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হওয়ায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চাপ আরও বেড়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
শনিবার (২৭ জুন) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, মৃত চার শিশুর মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাটের চার মাস বয়সী এক কন্যাশিশু গত ১৮ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার দুপুরে মারা যায়। মৃত্যু সনদে হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ফুলপুর, নেত্রকোনার কমলাকান্দা ও সুনামগঞ্জের মদনপুর এলাকার আরও তিন শিশু শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে মারা যায়। তাদের বয়স চার থেকে আট মাসের মধ্যে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু ভর্তি হলেও কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি। একই সময়ে কোনো রোগীকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়নি। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট দুই হাজার ৩৭৮ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২২৬ জন। আর ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। রোগীর চাপ সামাল দিতে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিক্যাল টিম কাজ করছে। তবুও শিশু মৃত্যুর ধারাবাহিকতা থামছে না।
আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর মা মনোয়ার খাতুন বলেন, "গত সাত দিনে আমার চোখের সামনেই নয়টি শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই এক-দুজন করে শিশু মারা যাচ্ছে। আমার সন্তানকেও নিয়ে চরম আতঙ্কে আছি।"
তিনি অভিযোগ করেন, শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় সংকট আরও প্রকট হচ্ছে। তার দাবি, জরুরি ভিত্তিতে আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।





