ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রীসহ ৪জন নিহত হয়েছেন| এ ঘটনায় চালকসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন|
সোমবার (৪ মে) দুপুর ১২ টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাসিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল| পথে সত্রাশিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়| এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়| এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয় এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন (পুরুষ) মারা যায়| নিহতরা হলেন, ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর জেলার পিয়ারপুরের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮) তার মেয়ে খোরশনুর জান্নাত রিনতি (১১)| অপরজনের পরিচয় পাওয়া যায়নি|
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা| তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায়| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে|
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে| নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে| প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে|


