তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ময়মনসিংহ নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরীতে পরিনত করতে হবে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী পাঁচ বছরের মধ্যে ময়মনসিংহকে রাজশাহী নগরীর চেয়েও সুন্দর নগরীতে পরিনত করতে সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ব্রহ্মপুত্রের ওপারে একটি সুন্দর নগরী তৈরি করবে। যা দেশের সবচেয়ে সুন্দর নগরী হিসেবে দেশব্যাপী পরিচিতি হবে বলেও আশা করেন তিনি।

শনিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উন্নয়নে আগ্রহী বলেই দ্রুত কাজ করতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছেন। তিনি নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতাকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করছেন। আগামী ছয় মাসের মধ্যে নগরী যানজট মুক্ত করা সম্ভব হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাতার হোসেন তালুকদার বলেন, আর্চ ব্রীজের যাতায়াতের জন্য প্রকল্পের কিছুটা পরিবর্তন আনতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হয়েছে। আশা করছি পরিবর্তন হলে যোগাযোগ সহজতর হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা জজ জাকির হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, বাকৃবির রেজিস্ট্রার হেলাল আহমেদ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







