নেত্রকোনার মোহনগঞ্জে বিয়েরবাড়ির উৎসবের ব্যস্ততায় সবার অগোচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)।
শিশুদের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান ছিল। এ সময় শিশুদের মা-বাবাসহ অন্যরা আত্মীয় স্বজনদের নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে শিশু দুটি পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুলিশকে জানানোর নিয়ম থাকলেও তারা সেটি করেননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম বলেন, ‘অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশকে জানানোর নির্দেশ আছে। একাধিকবার মিটিং করে চিকিৎসকসহ কর্তৃপক্ষকে বিষয়টি বলা হয়েছে। কিন্তু তারা সেই কথা আমলে নিচ্ছেন না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’




