হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের মধ্য গোপীনগর গ্রামে পুকুরের পানিতে ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ, ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন একটি ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “এই আয়োজন শুধু একটি খেলা নয়; খেলা উপলক্ষে স্থানীয় জনসাধারণের একটি প্রাণের পুনর্মিলন। দীর্ঘদিন পর প্রিয়জন, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষের মিলন ঘটেছে এই মাঠে।” তিনি বলেন, “সকলের চোখে আমি এই অবহেলিত ও দুর্গম এলাকার উন্নয়নের প্রত্যাশা দেখতে পাচ্ছি। এই জন-প্রত্যাশার সঙ্গে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি এবং আপনাদের প্রত্যাশা বাস্তবায়নে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, একটি এলাকার মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের আকাঙ্ক্ষা কখনো উপেক্ষিত থাকতে পারে না। হালুয়াঘাটের দুর্গম ও পিছিয়ে পড়া এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সঙ্গে থাকলে ইনশাআল্লাহ এই অবহেলিত ও দুর্গম এলাকাতেও অতি শীঘ্রই উন্নয়নের ছোঁয়া লাগবে। তারেক রহমানের আমলে উন্নয়ন হবে সবার জন্য, সুযোগ হবে সবার জন্য—কোনো এলাকা আর অবহেলিত থাকবে না।”
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু মানুষের বিনোদনের মাধ্যম নয়, এর সঙ্গে আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গভীর সম্পর্ক রয়েছে। নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও বেশি করা প্রয়োজন। পরে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে মধ্য গোপীনগর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। গ্রামের একটি পুকুরে ছেড়ে দেয়া ১০ টি হাঁস ধরতে অর্ধ শতাধিক মানুষের পুকুরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে সাঁতার কেটে ছোটাছুটি সকলে হর্ষধ্বনির সাথে উপভোগ করেন । প্রতিটি হাঁসের পায়ে পুরস্কারের নাম লেখা ছিলো । প্রথম পুরস্কার হিসেবে ষাড় গরু দেয়া হয়, দ্বিতীয় পুরস্কার ছিল মোবাইল ফোন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দুজ্জামান, সদস্য সচিব হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আকবর যুবদল নেতা রেজাউল করিম মানিক প্রমুখ বক্তব্য রাখেন।







