ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় নিরাপদ ও পরিবেশবান্ধব করতে মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। নগরীর পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ময়মনসিংহের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় সিটি প্রশাসক এসব কথা বলেন।

সোমবার বিকাল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
সভায় ক্লিনিক্যাল বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও নিরাপদ নিষ্পত্তি নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং এ বিষয়ে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিবৃন্দ ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন।
সভায় প্রান্ত স্পেশালাইসড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুমসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







