বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল (কে.বি. হাই স্কুল) এর ছাত্র-ছাত্রীদের মাঝে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান এবং প্রোক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম।
.jpeg)
কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো:হেলাল উদ্দিন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অতিথিবৃন্দ বৃক্ষ রোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কেবি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের ফলজ গাছের চারা বিতরণ করেন এবং তিনি নিজে একটি নিম গাছের চারা রোপণ করেন।
.jpeg)
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে টার্গেট নিয়েছেন, সেটার অংশ হিসেবেই কেবি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।’ আমাদের এই দেশটিকে সবুজ করে গড়ে তোলা, আমাদের জন্য বসবাসযোগ্য করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কিছু করে যাওয়ার অংশ হচ্ছে এই বৃক্ষ রোপণ। তিনি স্কুলের কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীদের বেশি বেশি করে গাছ লাগানো ও পরিচর্যায় আহবান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।





