বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে একটি মহল রেমিটেন্স শাট ডাউনের হুমকি দিয়ে রাষ্ট্রের স্বার্থবিরোধী কথা বলতেও দ্বিধা করছেন না।’
আজ বিকেলে দলীয় কার্যালয়ে মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে বিরোধী দলের লাগামহীন বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন। নব্য জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের রেমিটেন্স শাট ডাউনের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই হুমকি নজিরবিহীন এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও অর্থনৈতিক নাশকতার অপচেষ্টা। যা তাদের কান্ডজ্ঞানহীন, অপরিণামদর্শী রাজনীতির বহিঃপ্রকাশ। দেশ, জনগণ, গণতন্ত্র, আইনের শাসনের প্রতি যাদের আনুগত্য ও সম্মান আছে তারা এধরনের হুমকি দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকা, আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সনাতনী সম্প্রদায়কে সহায়তা করা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একজন গ্রহণযোগ্য, জনপ্রিয় এবং স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে সমর্থন দেয়া, বিরোধী দলের লাগামহীন অপপ্রচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিনিয়ত জনগণের পাশে থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, সদস্য সচিব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুজ্জামান , জেলা বিএনপির সদস্য একরামুল রহমান জুয়েল বক্তব্য রাখেন।



-400x300.jpg&w=3840&q=75)

-1-400x300.jpg&w=3840&q=75)

