শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আচরণ, অনিয়ম ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে প্রতিটি স্কুলে একটি করে ‘অভিযোগ বক্স’ স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে এই অভিমত ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে এমপি মাজেদ বাবু উল্লেখ করেন, একজন শিক্ষকের কাছে একজন ছাত্রী তার কন্যাসমতুল্য। সমাজে একজন শিক্ষকের সার্বিক আচরণ ও ব্যক্তিত্ব অনুকরণীয় উদাহরণ হওয়া উচিত। কিন্তু বিভিন্ন সময় শিক্ষার্থীদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক।
তিনি সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেকোনো অপ্রীতিকর ঘটনার আগের ও পরের তথ্য-প্রমাণ শনাক্ত করা সম্ভব। এমনকি প্রয়োজনভেদে ফরেনসিক পরীক্ষার মাধ্যমেও সত্য উন্মোচন ও প্রয়োজনীয় তথ্য বের করা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সংসদ সদস্য জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দপ্তরি ও আয়া নিয়োগে অবৈধ অর্থ লেনদেনের নানা অভিযোগ শোনা যায়। অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট কাগজপত্রের অভাবে তা কাগজে-কলমে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে।
তবে লিখিত প্রমাণ না থাকলেও প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে তিনি মনে করেন। এসব অনিয়ম ও অপকর্ম রোধে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিটি স্কুলে ‘অভিযোগ বক্স’ স্থাপন করা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন, যাতে শিক্ষার্থীরা বা সংশ্লিষ্টরা নির্ভয়ে যেকোনো অন্যায়ের কথা কর্তৃপক্ষকে জানাতে পারে।
উল্লেখ্য, এর আগেও তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের স্ব স্ব প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিচালনায় কঠোর জবাবদিহির আওতায় আনার গুরুত্ব ব্যক্ত করেছিলেন। এমপি মাজেদ বাবুর এই যুগোপযোগী দাবিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর অভিযোগ বক্স স্থাপন করা হলে একদিকে যেমন শিক্ষকরা তাদের আচরণ ও দায়িত্ব পালনে আরো সচেতন হবেন, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষাও নিশ্চিত হবে।







