দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, যারা জুলাইযোদ্ধা এখনো লেখাপড়া করছেন। আপনারা লেখাপড়াটা খুব ভালোভাবে চালিয়ে যান। যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে বলবেন; আমরা সহযোগিতা করব। জুলাইযোদ্ধাদের সঙ্গে আমি আছি ও আমার সরকার আছে।
শনিবার (১৮ জুলাই) ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেইন বলেন, প্রত্যেক শহীদ জুলাইযোদ্ধার বাড়ির সামনের রাস্তার নামকরণ করা হবে। স্মৃতিফলকও নির্মাণ করা হবে। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন- সেগুলো শোনেছি। আরও কী কী সমস্যা আছে- সেগুলোও লিখিতভাবে জানাবেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব।
গেজেটড জুলাইযোদ্ধাদের উদ্যোগে উপজেলা পাবলিক হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাইয়ে শহীদ জোবায়ের হোসেনের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান, শামছুল হক, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।







