ময়মনসিংহের ফুলপুর উপজেলার কামারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের যুবকরা স্বেচ্ছাশ্রমে একটি খাল খনন করছেন| গতকাল সোমবার থেকে খাল খনন শুরু হয়েছে| এক সপ্তাহ পর এলাকাবাসী ওই খাল খননের সুফল ভোগ করতে পারবে|
যুবকরা জানায়, খালটি দিয়ে পানি ভাটির দিকে প্রবাহিত না হওয়ায় ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের দু’শো পরিবার পানিবন্দী হয়ে থাকে| এসব পরিবার চরম কষ্টের মাঝে দিনযাপন করছে| গ্রামবাসীর দুর্দশা দূর করতে এলাকার যুবকরা স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ গ্রহণ করে| এ কাজে তাদের সাথে কিছু সংখ্যক শ্রমিকও নিয়োজিত করেছেন|

যুবকদের এমন প্রশংসনীয় উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বেসরকারী একটি স্কুলের প্রতিষ্ঠা পরিচালক জহিরুল ইসলাম বাদল (৩২) বললেন, প্রতি বর্ষাতেই চরকৃষ্ণপুর গ্রামে জলাবদ্বতা হয়| এতে গ্রামবাসী চরম দূর্ভোগে পড়েন| এবারও গ্রামে পানি জমেছে| কিন্তু পানি ভাটিতে নামছে না| তাই তাঁরা বাধ্য হয়ে খাল খনন ও খালটি পরিষ্কার করতে নেমেছেন| তিনি বলেন, খালটির ˆদর্ঘ্য প্রায় ২ কিলোমিটার| অপরিকল্পিত ফিশারীর কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে| তিনি বলেন, খালটি অনেক দিন ধরে খনন করা হয় না| কুচুরিপনায় ভরে গেছে| ফলে এবার সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে|
জহিরুল ইসলাম বাদল আরো জানান, খালটি খনন করতে সপ্তাহখানেক সময় লাগবে| কাজ শুরু করার প্রথম দিন ১০ জন স্বেচ্ছাসেবক খাল পরিস্কার ও খনন কাজে অংশ নেয়| আরও ১০ জন শ্রমিক নিযুক্ত করেছেন| এজন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন স্থানীয় গিয়াস উদ্দিন ফরাজী| স্থানীয় আলমগীর. সারোয়ার, মিজানুর, রফিকুল সহ কয়েকজন যুবক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বলেও জানান তিনি|
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা রেজাউল করিম বললেন, উদ্যোগটি প্রশংসনীয়|







