শেরপুর জেলা সফর করেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। গতকাল বুধবার সকালে শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। পরে শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

শেরপুর পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের অংশগ্রহণে ‘রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় ডিআইজি উপস্থিত অফিসার-ফোর্সদের সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

এসময় ডিআইজি মহোদয় একটি সুন্দর, সবুজ ভবিষ্যত গড়ার প্রত্যয়ে পুলিশ লাইন্সে একটি বকুলের চারা রোপন করেন। পরে 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ (১৬-৩১আগস্ট) উপলক্ষে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

কল্যাণ সভা শেষে ডিআইজি শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এসময় ট্রেনিং সেন্টারে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক (নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের চলমান ‘সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ সংক্রান্ত কোর্সের সমাপনী অনুষ্ঠান, প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা ও সনদপত্র বিতরণীতে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সভায় তিনি অপরাধ দমন ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহে ফেরার পথে তিনি নকলা থানা আকস্মিক পরিদর্শন করেন। উক্ত থানার বিভিন্ন কার্যক্রমের পরিদর্শনের পাশাপাশি অফিস প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় থানার জরাজীর্ণ ভবন মেরামত করার জন্য পুলিশ সুপার মহোদয়কে নির্দেশনা প্রদান করেন।





%252018.08.2026-400x300.jpg&w=3840&q=75)

