জামালপুর শহরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৩ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গেটপাড় এলাকায় এই আন্দোলন চলে। এতে আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ও ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেন আটকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে কর্মসূচি প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, গেটপাড় এলাকার জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন দশক ধরে এই সমস্যা চললেও কোনো প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
অবরোধ চলাকালে মাগরিবের নামাজের সময় হলে রেললাইনেই নামাজ আদায় করেন আন্দোলনরত মুসল্লিরা। পরে রেলওয়ে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আমরা রোববার পৌর প্রশাসনের সঙ্গে কথা বলব।’





