ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে চারটি গরু আটকের পর বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হালুয়াঘাট থানায় মামলা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র কড়ইতলী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত তিনজনের মধ্যে রোমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আসামিরা হলেন, হালুয়াঘাটের সংগ্রা গ্রামের তোলা মিয়ার ছেলে আতিকুল ইসলাম (৪০), বেতকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান (৩৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের আকবর আলীর ছেলে আবদুল্লাহ (৩৫)। এরমধ্যে রোমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ১১১৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক হাজার গজ দূরে ঝলঝলিয়া এলাকায় ভারত থেকে অবৈধ পথে চারটি গরু আনার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে গরুগুলো আটক করেন বিজিবি টহলরত সদস্যরা। আটক গরুর মধ্যে দু’টি লাল ও দু’টি সাদা রঙের। এজাহারে গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরো বলা হয়, গরু নিয়ে ফেরার পথে ঝলঝলিয়া এলাকায় বিজিবি সদস্যদের পথরোধ করেন চোরাচালানে জড়িত ব্যক্তিরা। তারা দেশীয় অস্ত্র, ধারালো রামদা ও বাঁশের লাঠি নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আটক চারটি গরুর মধ্যে দু’টি ছিনিয়ে নিয়ে যায়। বাকি দু’টি গরু বিজিবি হেফাজতেই ছিল। এসময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক চারটি ফাঁকা গুলিবর্ষণ করে। একপর্যায়ে হামলাকারীরা আবারও বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে গুলি বের হয়ে রোমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। হামলাকারীদের লাঠি দিয়ে বিজিবি সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে দৈনিক নিউ টাইমস’র হালুয়াঘাট প্রতিনিধি আনসারুল হক রাসেল জানান, সীমান্তবর্তী এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। হালুয়াঘাটের সর্বত্রই ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে চোরাকারবারিরাই প্রথম বিজিবি’র ওপর হামলা এবং উদ্ভুত পরিস্থিতির জন্য দায়ী বলে প্রতীয়মান হওয়ায় ওই ভিডিও দেখে স্থানীয়দের ধারণা পাল্টে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, ওই সীমান্ত পথে গরু চোরাচালান হলেও বিজিবি’র সাথে লেনদেনের তথ্য কেউ বিশ্বাস করছেন না। যারা লেনদেনের অভিযোগ করেছিল তারা নাকি চোরাকারবারিদের সহযোগি বলে অনেকে অভিযোগ করেছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। রাত দশটার দিকে নিহত রোমানের নামাজে জানাজা শেষে উপজেলার বেতকুড়ি গ্রামেরর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।








