ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানের ৬টি গরু আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলমান আছে।
সোমবার বিকালে উপজেলার উত্তর পলাশতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। পরে অভিযানে আটক গরুগুলোকে হালুয়াঘাট থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সদস্যরা থানা পুলিশের সহযোগিতায় হালুয়াঘাটের উত্তর পলাশতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে সন্দেহে ৬টি গরু আটক করা হয়। চোরাই গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
এনএসআই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।








