তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে|

শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন| তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে খুবই ভালোবাসেন| তাই চলতি অর্থবছরে গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সুফল পাওয়া যাবে|

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে| আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ| তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে| ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে| সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য শুমারি কার্যক্রম (গণনা) শুরু হচ্ছে| তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন| বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন|

নির্বাচনের আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল উপজেলাকে ঢেলে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ভুলে যাইনি| নান্দাইলের যেসব রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, সেগুলো পাকা করা এবং ইট বিছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে| শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনীয় এলাকায় দ্রুত সেতু নির্মাণ করা হবে| জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি একে একে পূরণ করব|

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রী না হলে কোনোদিন বুঝতাম না যে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা কীভাবে সব চেটেপুটে খেয়েছে এবং বিদেশে পাচার করেছে| বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করে ভেঙে পড়া সবকিছু আবার নতুন করে ঠিকঠাক করছে, যার কারণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে|

‘আইন সংশোধন ও জুয়াড়ি গ্রেপ্তার আইন-শৃঙ্খলা ও আইনি সংস্কারের বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, সাইবার ক্রাইম সংশোধন আইনের কমিটিতে আমাকে একজন সদস্য রাখা হয়েছে| এ ছাড়া দেশে জুয়ার নতুন আইন পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই নতুন আইনের আওতায় নান্দাইলেই দেশের প্রথম সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে| অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না|

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য বর্তমানে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী কড়া হুঁশিয়ারি দেন| তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের বিনিময়ে কেউ যদি একটি টাকাও দাবি করে, তবে সরাসরি আমাকে জানাবেন| কাউকে কোনো টাকা দেবেন না|’ একই সঙ্গে কৃষকদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই কৃষি কার্ড বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন|

সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী দলের নেতাকর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ‘টিআর, কাবিখা, কাবিটার মতো সরকারি উন্নয়ন বরাদ্দ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে| কেউ যদি কাজ না করে জনগণের বরাদ্দ আত্মসাতের চেষ্টা করেন, তিনি আমার দলের লোক বা নেতা হলেও কোনো ছাড় পাবেন না| দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে|

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন| আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও ওমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, ওসমান গনি লিটন সরকারসহ স্থানীয় যুবদল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ|
সভায় নান্দাইল উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, নারী ও পুরুষ সমর্থকদের উপস্থিতির কারণে কর্মী সম্মেলনটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়|







