উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পদপ্রত্যাশী নেতারা সুসজ্জিত শোডাইনে মিছিল সহকারে সম্মেলনে অংশগ্রহন করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় টানা ২৩ বছর পর উপজেলার রামগোপালপুর পিকেজে উচ্চ বিদ্যালয় মাঠে বর্নাঢ্য আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্থতায় শেষতক তিনি উপস্থিত হতে পারেননি। তবে স্বশরীরে উপস্থিত হয়ে কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মো: মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এবং সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক শাহ ওবায়দুল্লাহ সুমনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.নূরুল হক, জেলা বিএনপির সদস্য এড. আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি শামছুল হক শামছু, জালাল আহম্মেদ আকন্দ, আব্দুল আজিজ মন্ডল, একেম আব্দুল্লাহ, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি ফারুক আহমেদ, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ মন্ডল প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, গুপ্ত ও পলাতকরা মিলেমিশে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে চায়। দেশে ও বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এজন্য যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
এর আগে এদিন দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল সহকারে সম্মেলনস্থলে উপস্থিত হয় দলীয় নেতাকর্মীরা। এতে বিকাল গড়িয়ে সম্মেলনস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।








