ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলায় টানা বৃষ্টিপাতের প্রভাবে কাঁচাবাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে বিভিন্ন সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গফরগাঁও পৌর এলাকায় কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৫৫/৬০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিংঙ্গা ৬০ টাকা, পটল ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৭০/ ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, শশা ৮০/৯০ টাকা, কাঁচা কলা হালি ৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, কুমড়া প্রতিপিস ৫০ টাকা, পেপে ৩০/৩৫ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ৮০/৯০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়াও কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিকভাবে হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো জমি থেকে সবজি তুলতে পারছেন না। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দামও কমে আসবে বলে তারা আশা করছেন।
সবজি ক্রেতা সাংবাদিক সাব্বির কামাল বলেন, বর্ষাকালে প্রতি বছরই সবজির বাজারে এমন অস্থিরতা দেখা যায়। তবে এবার কাঁচা মরিচসহ বেশ কয়েকটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। তিনি বাজার তদারকি জোরদার এবং সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।






