ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। আজ সোমবার বিকাল ৩টায় তিনি ফুলবাড়িয়া উপজেলায় পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

এরপর তিনি থানা পরিদর্শন করে সেখানে মত বিনিময় করেন। উপজেলা ভূমি অফিসের পুকুরের পাকা ঘাটলা উদ্বোধন, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ শেষে ভূমি অফিসে কর্মরতদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সেখান থেকে সরাসরি উপজেলার কালাদহ ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশে যোগদান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
কালাদহে আয়োজিত সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক। সঞ্চালনায় কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মাস্টার।
ভূমি অফিসে কর্মরতদের উদ্দেশ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, খাসের ডাটাবেজ জুলাইয়ের মধ্যে না আসলে স্বপ্নের সোনার সংসার তছনছ হয়ে যাবে। এ মাসের আর যে কয়েকদিন আছে এরমধ্যে আমার রেজিষ্ট্রারে যে পরিমাণ খাস জমি আছে সেই পরিমাণ খাস জমির ডাটাবেজ আমার লাগবে এবং ৩০ জুলাইয়ের মধ্যে। তা না হলে সুখের সংসার থাকবে না। কেউ থাকবেন ভালুকার রাজৈ ইউনিয়ন, কেউ থাকবেন ধোবাউড়া। কাজ আমার এটা করতেই হবে। নামজারীর পরপরই যদি হোল্ডিং খোলে ফেলতেন তাহলে এভাবে মানুষের কষ্ট হতো না। হালনাগাদ বা আপডেট না হওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। খারাপ কাজ করলে যেমন তিরস্কার আছে অজানা ভালো কাজ করলে তারও পুরস্কার আল্লাহ তা দান করবেন।







