মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর থেকে ফেরাতে গিয়ে দাদাকে খুনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব| বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| এরা হলো- মো. কামাল (৪৫) ও মো. ইমন (২২)| বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
মামলার বিবরণ সূত্রে র্যাব জানায়, গত ২৬ জুলাই রাতে দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার হাটপাড়া গ্রামের রাবিন নামে এক যুবকের মোবাইল ফোন চুরি হয়| এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে একই গ্রামের রানা (২০) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে এসে স্থানীয় কয়েকজন আটপাড়া গ্রামের বাদল মার্কেটের সামনে সালিশ বসান| সালিশ চলাকালে রানাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়| নাতির চিৎকার শুনে দাদা নবী হোসেন (৬৫) তাকে রক্ষা করতে এগিয়ে যান|
এ সময় কয়েকজন উত্তেজিত হয়ে তাকেও চোর আখ্যা দিয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন| একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি| পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দেয়|
এ ঘটনায় নিহতের ছেলে মো. হাইদুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলার পর থেকে র্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করেন| ঘটনার খুব অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃতদের পাগলা থানায় হস্তান্তর করা হয়েছে|







