ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানিপুর (চিরাখালী) গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে গ্রামের কামাল উদ্দিনের দোকানের সামনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, গত বুধবার বিকেল থেকে ওই নারীকে উত্তর সীমান্ত এলাকা দিয়ে গ্রামে প্রবেশ করতে দেখা যায়। কয়েকদিন ধরে তিনি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের ধারণা, ওই নারী ভারতীয় নাগরিক হতে পারেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।





