ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী বলেছেন, ব্র্যাক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, সীমান্তে মাদকের প্রসারে যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে। এদেরকে মাদকমুক্ত করতে ব্র্যাককে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ব্র্যাক সবসময়ই সরকারের পাশে ছিল। এসডিজি অর্জনেও ব্র্যাকের ভুমিকা রয়েছে।
ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক মো. লিয়াকত আলী ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আগামী পাঁচ বছরের পরিকল্পনা এবং সমন্বিত উন্নয়ন উদ্যোগের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ সালে ময়মনসিংহ বিভাগের প্রতি সাত জন বাসিন্দার মধ্যে একজনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সংকট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (ওয়াশ), জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ নানাক্ষেত্রে এসব সহায়তা দেওয়া হয়েছে।
বিভাগটিতে কর্মরত ব্র্যাকের ৪ হাজার ৮৩০ জন কর্মী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন, এদের মধ্যে ৫০ শতাংশই নারী। এই বিভাগে সামাজিক উন্নয়ন কর্মসূচির ১৫৮টি কার্যালয় এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ছয়টি কার্যালয়ের মাধ্যমে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির প্রধান মাসুমা বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উম্মে হাবীবা মীরা, পুলিশ প্রশাসনের ডিআইও ওয়ান জসিম উদ্দিন।
এসময় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন।





